কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে মোট ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবরাং বাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বাজারপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি নির্দিষ্ট স্থানে কয়েকজন মাদক কারবারির আনাগোনা ও অবস্থান শনাক্ত করে র্যাবের সদস্যরা। পরে আভিযানিক দলটি ওই এলাকায় পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ৮ থেকে ১০ জন মাদক কারবারি দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পড়ে থাকতে দেখে র্যাব সদস্যরা। গণনা শেষে সেখান থেকে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক ধারণা, উদ্ধার করা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় মজুত করা হয়েছিল। সীমান্তবর্তী টেকনাফকে ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত রয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে।
পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে টেকনাফের সীমান্তবর্তী এলাকাগুলোতে র্যাবের অভিযান ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।




