বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে নুর মোহাম্মদ (২০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি এফডিএমএন ক্যাম্প-১-এর এফ/১৩ ব্লকের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
আটক নুর মোহাম্মদের কাছ থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
৩৪ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তে মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




