নারায়ণগঞ্জ ।
,

জমির দখল বুঝে নেওয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, মূল শুটারসহ গ্রেপ্তার ৫

রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী আসলাম খানকে (৩৮) তাঁর নিজ দোকানে ঢুকে গুলি করার ঘটনায় মূল শুটারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জলিল মণ্ডল নামে এক ব্যক্তি একটি জমি অবৈধভাবে দখলে রেখেছিলেন। আদালতের রায়ের পর গত ১৭ আগস্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই জমির দখল ব্যবসায়ী আসলাম খানকে বুঝিয়ে দেওয়া হয়। জমির দখল হারানোর ক্ষোভ থেকেই আসলাম খানকে হত্যার পরিকল্পনা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

ঘটনার ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর রাতে কদমতলীর জিয়া সরণির একটি ক্রোকারিজের দোকানে অবস্থান করছিলেন আসলাম খান। এ সময় মোটরসাইকেলে করে সেখানে এসে শুটার মঞ্জুরুল ইসলাম তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে এলোপাতাড়ি গুলি চালায়।

গুলিতে আসলাম খানের মুখের ডান পাশ ও বাঁ হাতের কনুই আহত হয়। গুলির ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে শুটার মঞ্জুরুল ইসলামকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে দুটি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ আরও জানায়, ঘটনার পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত অন্যদের শনাক্ত করা হয়। পরে আকলিমা আক্তার রুনিয়াসহ আরও চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় কদমতলী থানায় অস্ত্র আইনে ও হত্যাচেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে প্রধান আসামি মঞ্জুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকা এবং হামলার নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >