বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে যাত্রীবেশে মাদক পাচারের সময় তিন কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার বিকেলে সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুরের হাকিমপুর উপজেলার মংলা বাজার গ্রামের আব্দুল করিমের স্ত্রী পারুল বেগম (৫৬) এবং একই উপজেলার ঘাসুড়িয়া গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী রূপালী বেগম (৪০)।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল পরিদর্শক সামসুল আলম জানান, মঙ্গলবার বিকেলে আক্কেলপুরের তিলকপুর এলাকা থেকে সান্তাহারের উদ্দেশ্যে মাদকের একটি চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম-ইসবপুর সড়কে জনৈক আব্দুস ছালামের মুদির দোকানের পাশে অবস্থান নেয় এবং বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে।
পরবর্তীতে নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে যাত্রীবেশে থাকা পারুল বেগম ও রূপালী বেগমের কোমরে বিশেষ কায়দায় বাঁধা পলিথিনে মোড়ানো মোট তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের পরপরই দুই নারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) শামীমা আক্তার বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই নারীর বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।




