ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে আব্দুল আলিম (৪০) নামের সিলেট কাস্টমসের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
রোববার রাত ৮টার দিকে চট্টগ্রামমুখী লেনের স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলিম চট্টগ্রাম জেলার বারইয়ারহাট পৌরসভার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী লেনে চলন্ত একটি অজ্ঞাতনামা ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা শ্যামলী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। বাসটি পুলিশ হেফাজতে নেওয়ার চেষ্টা চলছে।




