ওই যুবককে রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করতে দেখা যায়।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানসিক ভারসাম্যহীন এক যুবককে রাস্তায় ফেলে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে ওই যুবককে মাটিতে ফেলে এক ব্যক্তিকে বড় লাঠি দিয়ে একের পর এক আঘাত করতে দেখা যায়। এ সময় বাঁচার আকুতি জানিয়ে আর্তচিৎকার করছিলেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।
নির্যাতনের শিকার যুবকের নাম লিটন। তিনি ওই এলাকার আলী হোসেনের ছেলে। স্থানীয়দের কাছে ‘লিটন পাগলা’ নামে পরিচিত লিটন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় মানুষের কাছে খাবার চেয়ে জীবনযাপন করে আসছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দিনের কোনো একসময় লিটন স্থানীয় সুমনের মায়ের কাছে ভাত চান। সুমনের অভিযোগ, এ সময় লিটন তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন। এর জের ধরে রাতের দিকে একটি দোকানের সামনে থাকা লিটনের ওপর লাঠি নিয়ে হামলা চালান সুমন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, লিটনকে রাস্তায় ফেলে বড় একটি লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছেন সুমন। একপর্যায়ে লিটন বাঁচার জন্য চিৎকার করতে থাকেন। তবে তাকে উদ্ধারে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি।
স্থানীয়রা জানান, লিটনের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলেও সুমনের ভয়ে কেউ তাকে বাধা দেওয়ার সাহস করেননি। পরে গুরুতর আহত অবস্থায় লিটনকে হাসপাতালে নেওয়া হয়।
লিটনের পরিবারের দাবি, হামলায় তার একটি হাত ও দুটি পা ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবুজেল হোসেন বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘তার আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসা শেষে তারা থানায় অভিযোগ করবেন। এরই মধ্যে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।’




