নারায়ণগঞ্জ ।
,

গোপালগঞ্জে বাস খাদে পড়ে প্রাণ গেল তিনজনের

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে।

রোববার (০৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার সালিনাবক্সা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ব্রিজসংলগ্ন খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অন্তত ২০ জন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট থানা পুলিশ উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাসে থাকা পিরোজপুরের জিয়া নগর থেকে আসা আহত যাত্রী আব্দুল্লাহ জানান, চালকের অতিরিক্ত গতির কারণে বাসটি খাদে পড়েছে। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা গেছেন।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ১৭ জন চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে; গাড়ি চলাচল স্বাভাবিক।’

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘনায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া ২০ জনের মতো আহত। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখনো নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >