চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশার একটি গ্যারেজে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক পেনগান, চারটি দেশীয় পিস্তল ও ২০টি গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্যারেজটির মালিক দেশের বাইরে থাকার সুযোগে দীর্ঘদিন ধরে সেটি পরিচালনা করতেন মেকানিক ওসমান। গ্যারেজ পরিচালনার আড়ালে তিনি সেখানে অবৈধ অস্ত্র তৈরি করতেন। পরে এসব অস্ত্র চিহ্নিত সন্ত্রাসীদের কাছে বিক্রি করতেন রাজমিস্ত্রি জামাল ও অটোরিকশাচালক কবির।
সোমবার রাতে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি (৪৪) ও কবিরকে (৪৭) গ্রেপ্তার করে পুলিশ। দুজনের বাড়িই হাটহাজারী উপজেলায়। জামাল রাজমিস্ত্রি এবং কবির অটোরিকশাচালক হিসেবে কাজ করেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ জানান, গ্রেপ্তার দুজনের কাছ থেকে একটি পেনগান, চারটি দেশীয় পিস্তল, ১৮টি পেনগানের গুলি ও দুটি পিস্তলের বুলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন পেশার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় পলাতক ওসমানসহ সংশ্লিষ্ট অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। অবৈধ অস্ত্রের বিস্তার রোধ ও অস্ত্রের উৎস শনাক্তে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।



