জুলাইযোদ্ধাকে হেনস্তার ঘটনার পর এনসিপি ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচি শেষে এখনও স্বাভাবিক হয়নি ময়মনসিংহ রোডে বাস চলাচল।
রোববার সকাল ৬টা থেকে ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জ থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ময়মনসিংহ জেলা মোটর-মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বাস বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে শুক্রবার নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে লাঞ্ছিত অভিযোগ ওঠে ‘ইউনাইটেড পরিবহনের’ এক শ্রমিকের বিরুদ্ধে।

এ ঘটনায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক শামীমের মালিকানাধীন ওই বাস চলাচল বন্ধের দাবি জানিয়ে কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন জুলাই যোদ্ধা ও এনসিপি নেতারা।
এরপর শনিবার দুপুরে পাল্টা অবরোধ কর্মসূচি দেয় শ্রমিকরা। পরে ইউনাইটেড পরিবহনের ১৬টি বাস বন্ধের রাখার সিদ্ধান্ত জানায় প্রশাসন।পরে প্রশাসনের হস্তক্ষেপে উভয়পক্ষই কর্মসূচি থেকে সরে গেলেও ১৬টি বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সন্ধ্যা থেকে বন্ধ রাখা হয় ইউনাইটেড ও সৌখিন পরিবহনের সবগুলো বাস। এবার বন্ধ করে দেওয়া হয়েছে ময়মনসিংহ বিভাগ থেকে দূরপাল্লার সব বাস।রোববার সকালে ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ইউনাইটেড ও সৌখিন পরিবহনের অন্তত ৩০০ বাস টার্মিনালে দাঁড়িয়ে আছে। বাস বন্ধ থাকার করণে অফিসগামী যাত্রী থেকে শুরু করে বিভিন্ন গন্তব্যের উদ্যেশ্যে যাত্রা করা যাত্রীরা বাস টার্মিনালে এসে চরম বিপাকে পড়েছেন। গন্তব্যে যেতে না পেরে অনেকে ফিরে গেছেন; অনেকে বিকল্প উপায়ে যাওয়ার চেষ্টা করছেন।
ঢাকাগামী যাত্রী আবু তাদের বলেন, “শনিবার থেকে ঢাকা যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আন্দোলনের কারণে যেতে পারছি না।
“হুটহাট করে এমন বাস বন্ধের সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই অন্তত বাসস্ট্যান্ড রাজনীতিমুক্ত থাকুক।”
ইউনাইটেড পরিবহনের চালকের সহকারী সোহেল রানা বলেন, “বাস বন্ধ থাকলে আমাদের না খেয়ে থাকতে হয়। কিন্তু এবার বাস বন্ধের যৌক্তিক কারণ রয়েছে।
“একটি ঘটনা ঘটায় আমাদের এক শ্রমিক জেলে রয়েছে। তারপরে ১৬টি বাস বন্ধের পাশাপাশি জব্দ করতে হবে এমন দাবি মানার মত নয়। কারণ এসব বাসের সঙ্গে শ্রমিকের রিজিক জড়িত।”
বাস বন্ধ রাখার প্রসঙ্গে জানতে চাইলে ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, “এনসিপির কয়েকজনকে সামনে রেখে একটি পক্ষ বিষয়টি বড় করছে। তারা অনৈতিক সুবিধা নিতে প্রায়ই এমন ঝামেলা সৃষ্টি করে।”
“শনিবার জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম পরিচালিত ১৬ বাস বন্ধের পাশাপাশি একটি মনিটরিং টিম গঠন করার সিদ্ধান্ত হওয়ায় বাস চলাচল শুরুর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ঢাকার নেতৃবৃন্দ তা মানতে নারাজ, যার কারণে ইউনাইটেড এবং সৌখিন পরিবহন চলাচল বন্ধ থাকে।”
তিনি বলেন, “সকাল থেকে ময়মনসিংহের বিভাগের চার জেলাসহ কিশোরগঞ্জের বাস চলাচল বন্ধ রয়েছে। তাদের দাবি, নিরাপত্তা নিশ্চিতসহ শ্রমিক অরুণের মুক্তি।”






