নারায়ণগঞ্জ ।
,

চাঁদপুরে নাগরিক সুবিধা বঞ্চিত মানুষ: মোশারফ হোসাইন

চাঁদপুর পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও নাগরিকরা কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদী এলাকায় স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বিষ্ণুদী বিদ্যাপতি খালের ওপর নির্মিত মিদ্দা বাড়ি, ঢালী বাড়ি ও চৌকিদার বাড়ির তিনটি বাঁশের সাঁকো পরিদর্শন করেন। স্থানীয়দের চলাচলের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সাঁকোগুলো সংস্কারের জন্য তিনি নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

আলহাজ্ব মোশারফ হোসাইন বলেন, “আমি চাঁদপুর পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সমস্যাগুলো দেখার চেষ্টা করছি। প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে নাগরিকদের যে ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার কথা, বাস্তবে পৌরসভার অনেক এলাকার মানুষ তা পাচ্ছেন না। পৌরসভার বিভিন্ন এলাকায় এখনো মানুষ বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “নাগরিকদের চলাচলের জন্য নিরাপদ সড়ক, কালভার্ট, সেতু, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ ও প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করা পৌর কর্তৃপক্ষের দায়িত্ব। শুধু শহরের মূল সড়ক বা গুরুত্বপূর্ণ এলাকাগুলোর উন্নয়ন করলেই হবে না। পৌরসভার প্রান্তিক ও অবহেলিত এলাকাগুলোর প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।”

মেয়র পদপ্রার্থী বলেন, “জনগণের সঙ্গে সরাসরি কথা বললে তাদের প্রকৃত সমস্যাগুলো জানা যায়। মানুষের পাশে থেকে এসব সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে। আমি নির্বাচিত হলে চাঁদপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মানুষের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করব।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শিক্ষার্থীদের চলাচলে বেশি দুর্ভোগ পোহাতে হয়। তারা দ্রুত স্থায়ী সেতু বা কালভার্ট নির্মাণের দাবি জানান।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >