নারায়ণগঞ্জ ।
,

রাজবাড়ীতে তিন পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

রাজবাড়ীতে একই দিনে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ২টার মধ্যে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর ৫টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায়। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক নিহত হন। নিহত নজরুল ইসলাম (২৮) বরিশালের আগৈলঝাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।

এরপর দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে একটি গরু মারা যায়। একই সঙ্গে গরুবোঝাই ট্রাকের চালক ও হেলপার আহত হন। তবে তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সবশেষ দুপুর ১টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় কুষ্টিয়ামুখী একটি ট্রাকের সঙ্গে রাজবাড়ীমুখী যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত আট যাত্রী আহত হন।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদরের ডা. মো. সৈকত হানাস, জান্নাতুল, কুমারখালীর বিপ্লব, শামীম, হরিপুরের উজ্জল, জুলিয়ার আলমঙ্গীর, পাংশার হাবাসপুরের আবদুস সাত্তার এবং ঝিনাইদহের শৈলকুপার মাসুদ রানা। তাঁরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পরে তাঁদের অনেকেই বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক এবং হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, সকালে পাইকারা এলাকায় ট্রাকের ধাক্কায় একজন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।

তিনি আরও বলেন, অপর দুটি দুর্ঘটনার ঘটনাস্থলেও পুলিশের টিম কাজ করছে। তদন্ত করে বিস্তারিত তথ্য জানানো হবে।

একই দিনে একই আঞ্চলিক মহাসড়কে একাধিক দুর্ঘটনায় একজনের প্রাণহানি ও ১০ জন আহত হওয়ার ঘটনায় সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >