নারায়ণগঞ্জ ।
,

এফ বিসিসি আইয়ের প্রশাসক হলেন বিকে এমই এর সাবেক সভাপতি ফজলুল হক

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি মো. ফজলুল হক।

রোববার (২ আগস্ট) তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই দিন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের ২৬ জুলাই জারি করা অফিস আদেশের পরিপ্রেক্ষিতে তিনি এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে যোগদান করেছেন।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মো. ফজলুল হক বলেন, ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এফবিসিসিআইয়ের নেতৃত্ব ব্যবসায়ীদের কাছে ফিরিয়ে দিতে সরকার যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি এ লক্ষ্য বাস্তবায়নে এফবিসিসিআইয়ের সদস্য, সংশ্লিষ্ট সংগঠন এবং ব্যবসায়ী সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এর আগে, ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারার আওতায় মো. ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মো. ফজলুল হক দেশের তৈরি পোশাক শিল্পের একজন সুপরিচিত উদ্যোক্তা। তিনি বিকেএমইএর সাবেক সভাপতি এবং প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি তৈরি পোশাক শিল্প, রপ্তানি বাণিজ্য, শিল্পনীতি ও ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >