চট্টগ্রামের হালিশহর থেকে সন্দ্বীপের ঘাট মাঝির হাটগামী লুসাই পরিবহন লিমিটেডের একটি বাসে দায়িত্ব পালনকালে যাত্রীদের ফেলে যাওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার খুঁজে পান চালক বাদশাহ। তবে বিপুল মূল্যের ওই স্বর্ণালঙ্কার নিজের কাছে রেখে দেওয়ার সুযোগ থাকলেও তিনি সততার পরিচয় দিয়ে প্রকৃত মালিকের কাছে তা ফিরিয়ে দেন।
জানা যায়, বাসে ফেলে যাওয়া স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার করার পর বাদশাহ যথাযথ প্রক্রিয়ায় মালিককে শনাক্ত করেন এবং সব স্বর্ণালঙ্কার তার হাতে বুঝিয়ে দেন। হারিয়ে যাওয়া মূল্যবান সম্পদ ফিরে পেয়ে মালিক আনন্দ প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা স্বরূপ চালক বাদশাহকে ১০০ টাকা পুরস্কার দেন।
পুরস্কারের অর্থের পরিমাণ সামান্য হলেও বাদশাহর সততা, দায়িত্ববোধ ও মানবিকতা ইতোমধ্যে যাত্রী এবং সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
লুসাই পরিবহন লিমিটেড কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি শুধু সেবার মানে নয়, বরং কর্মীদের চরিত্র, সততা ও মূল্যবোধেও নিহিত থাকে। চালক বাদশাহ সেই মূল্যবোধের উজ্জ্বল উদাহরণ।
সচেতন মহলের মতে, এমন সততার দৃষ্টান্ত সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। সুযোগ থাকা সত্ত্বেও যারা অসৎ পথ বেছে নেন না, তারাই প্রকৃত অর্থে সমাজের গর্ব।







