নারায়ণগঞ্জ ।
,

বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি, ৫ লাখ টাকার মালামাল লুট

রাজধানীর বাড্ডা এলাকায় এক সাংবাদিকের বাসায় সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে মাত্র সাত মিনিটের মধ্যেই নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ ও স্মার্টফোনসহ প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়েছে চোরচক্র। পুরো ঘটনাটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।

জানা যায়, প্রতিদিনের মতো সকালে সাংবাদিক হাবিবুর রহমান অফিসে চলে যান। কিছুক্ষণ পর তার স্ত্রী সন্তানকে নিয়ে স্কুলে বের হলে বাসাটি সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। এ সুযোগে সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে এক যুবক ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটের সামনে এসে উপস্থিত হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, যুবকটি পকেট থেকে একটি লোহার বস্তু বের করে দরজার তালায় চাপ প্রয়োগ করলে মুহূর্তের মধ্যেই তালা ভেঙে যায়। এরপর সে বাসায় প্রবেশ করে সরাসরি শোবার ঘরে গিয়ে আলমারি ভেঙে ফেলে। মাত্র সাত মিনিটের মধ্যে দুটি স্মার্টফোন, একটি ল্যাপটপ, নগদ ৭০ থেকে ৮০ হাজার টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে বেরিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের দাবি, চুরি হওয়া মালামালের মোট মূল্য প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা।

ঘটনার আরও বিস্ময়কর দিক হলো, বাসা থেকে বের হওয়ার সময় চোরের সঙ্গে পাশের ফ্ল্যাটের এক বয়স্ক বাসিন্দার মুখোমুখি দেখা হয়। কিন্তু বিন্দুমাত্র বিচলিত না হয়ে সে ওই ব্যক্তিকে সালাম দিয়ে স্বাভাবিকভাবে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। ফলে ওই বাসিন্দার পক্ষে সন্দেহ করার কোনো সুযোগ ছিল না।

ভবনের বাইরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, চোরের আরেক সহযোগী বাইরে একটি ভ্যানের ওপর বসে চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। চুরি শেষে দুজন একটি অটোরিকশায় করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >