চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগ এলাকায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান তিনজন সন্দেহভাজন মাদক কারবারি।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় গত ১ জুলাই থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১১ জুলাই) বিকেলে সদর মডেল থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে বিকেল আনুমানিক ৬টা ১০ মিনিটে নবাবগঞ্জ পৌরসভার আরামবাগ উত্তরপাড়া জামে মসজিদের সামনে চাঁপাইনবাবগঞ্জ–শিবগঞ্জ মহাসড়কে একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দেয় পুলিশ। এ সময় মোটরসাইকেলে থাকা শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি বহরাপাড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুর রউফ (৪৪) এবং তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি মোটরসাইকেল ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশ জানায়, পালানোর সময় মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝোলানো একটি ব্যাগের হাতল ছিঁড়ে গেলে ব্যাগে থাকা ইয়াবার প্যাকেটগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে প্রায় ৭ হাজার পিস কথিত ইয়াবা ট্যাবলেট এবং একটি নীল রঙের বাজাজ ডিসকভার মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: নওয়াবগঞ্জ-হ-১৩-৪৩২০) জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।







