দেশে বর্তমানে প্রায় আট হাজার ইটভাটা রয়েছে, এর মধ্যে প্রায় পাঁচ হাজারই অবৈধ বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, পরিবেশ দূষণের অন্যতম কারণ ইটভাটা হলেও এখনও ইটের শতভাগ বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হয়নি।
সোমবার (২২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পরিবেশবিষয়ক বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এখনও ইটের প্রয়োজন রয়েছে। তবে ইটের বিকল্প ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করা হলেও অতীতে তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে এ অবস্থা থেকে উত্তরণের পথ বের করব।
তিনি বলেন, ইটভাটার পাশাপাশি শিল্পকারখানায় বর্জ্য পরিশোধনাগার ব্যবহার না করা এবং যানবাহনের কালো ধোঁয়াও পরিবেশ দূষণের বড় কারণ। এসব দূষণের উৎস চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ দূষণের উৎসগুলো নির্ধারণ করে আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা নেব। আশা করছি, আগামী এক বছরের মধ্যে পরিবেশ পরিস্থিতিতে কিছুটা হলেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যে আয়োজিত আট দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খাঁন টিপু, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনসহ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।






