প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ব্যবসাখাতের উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেছেন দুই ব্যবসায়ী সংগঠন বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নেতারা।
সোমবার (১১ মে) দুপুরে সচিবালয়ে এ বৈঠক হয় বলে জানান বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।
এ সময় বন্ধ কারখানা পুনরায় চালু ও সচল কারখানা যাতে বন্ধ না হয় সে বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা। পাশাপাশি, বাংলাদেশ ব্যাংকের রাজস্ব বোর্ড (এনবিআর) ও বিভিন্ন ব্যাংকের অব্যবস্থাপনায় গার্মেন্টস ব্যবসায়ীদের ক্ষতি, নারায়ণগঞ্জের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিশেষায়িত বিশ্ববিদ্যালয় নির্মাণ ও শ্রম আইন সংশোধনের কথাও তুলে ধরেন নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে নিট পোশাক ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী আমাদের কাছে জানতে চান- আমরা ব্যবসায়ীরা কী কী সমস্যা ফেস করছি। তখন আমরা বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা এবং যেসব কারখানা চালু আছে সেগুলো টিকিয়ে রাখতে তার কাছে সহযোগিতা চাইলে তিনি খুব আন্তরিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এখন যেহেতু সারা বিশ্বে এআই নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে। সেই জায়গা থেকে নারায়ণগঞ্জে একটি বিশ্বাবিদ্যালয় নির্মাণের কথা বলেছি। তিনি সাথে সাথে গণপূর্তমন্ত্রীকে এর জন্য জায়গা সিলেক্ট করতে বলেছেন, যোগ করেন হাতেম।
নারায়ণগঞ্জে ব্যবসাখাতের উন্নয়নে সরকারপ্রধান ‘সিরিয়াস‘ উল্লেখ করে বিকেএমইএ‘র সহসভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমরা ব্যবসায়ীরা বেশকিছু ব্যাপারে সহযোগিতা চেয়েছি। এর মধ্যে বন্ধ কারখানাগুলো খুলে দেয়ার জন্য বিশেষভাবে বলেছি। একটি বিশ্ববিদ্যালয়ের কথাও বলেছি। তিনি সময় নিয়ে আমাদের কথা শুনেছেন। তিনি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যাতে করে আরো এগিয়ে যায় সে বিষয়ে অনেক সিরিয়াস। নারায়ণগঞ্জ চেম্বার এবং বিকেএমইএর সকল নেতারা এই বৈঠকে সন্তুষ্ট।‘
এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, জ্যেষ্ঠ সহসভাপতি অমল পোদ্দার, সহসভাপতি শামসুজ্জান ও ফকির কামরুজ্জামান নাহিদ।
তথ্যসূত্রঃ প্রেস নারায়ণগঞ্জ







