তিন সপ্তাহের বিরতির পর কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর আগে জলপথটিতে কাতারের একটি ট্যাংকার হামলার শিকার হওয়ার পর এ রুটে চলাচল বন্ধ ছিল।
ইরানের সংবাদমাধ্যম ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের অনুমতি পাওয়ার পর ইরান অনুমোদিত রুট ব্যবহার করে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে।
ব্লুমবার্গের সংকলিত জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, জাহাজটি ট্রান্সপন্ডার চালু রেখেই হরমুজ প্রণালি পেরিয়ে ওমান উপসাগরে প্রবেশ করেছে।
এদিকে, মেরিনট্রাফিকের তথ্য বলছে, এলএনজি ট্যাংকারটির গন্তব্য পাকিস্তান।
বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে কাতারি এলএনজি ট্যাংকারের পুনরায় চলাচল শুরু হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ কিছুটা কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





