যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। রয়টার্স জানিয়েছে, নতুন করে মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগে তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সময় বুধবার পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৫.২৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮০.০২ ডলারে ওঠে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে হরমুজ প্রণালিতে হামলার কারণে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় তেলের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। সংঘাত শুরুর আগে বিশ্বব্যাপী অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হতো।
এদিকে, বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস পূর্বাভাস দিয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানিতে বাধা অব্যাহত থাকলে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১১০ ডলারের বেশি হতে পারে।








