নারায়ণগঞ্জ । শনিবার
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়ল মেক্সিকো ৯৬ বছরের অপেক্ষা ফুরিয়ে

উদীয়মান এক তরুণ তুর্কি। চোখেমুখে এখনো কৈশোরের ছাপ স্পষ্ট। অথচ এই কিশোরই বিশ্বকাপের মতো মহামঞ্চে নেমে গড়ে ফেলেছেন নতুন ইতিহাস। মেক্সিকোর গিলবার্তো মোরা এখন শুধু একটি নাম নন। দেশটির ফুটবলের নতুন স্বপ্নও। ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমে তিনি হয়ে গেছেন মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিশ্বকাপ ফুটবলার।

ম্যাচের ৬৫তম মিনিটে আলভারো ফিদালগোর বদলে মাঠে নামেন মোরা। তখন তার বয়স ১৭ বছর ২৪০ দিন। এর মধ্য দিয়ে তিনি ভেঙে দেন ৯৬ বছর ধরে টিকে থাকা একটি রেকর্ড। ১৯৩০ সালের উরুগুয়ে বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ১৮ বছর ১৩৪ দিন বয়সে খেলে এই কীর্তি গড়েছিলেন ম্যানুয়েল ‘চাকেতাস’ রোসাস। প্রায় এক শতাব্দী পর সেই রেকর্ডের নতুন মালিক হলেন মোরা।

তবে রেকর্ড গড়া যেন তার জন্য নতুন কিছু নয়। ২০২৪ সালে ক্লাব তিহুয়ানার হয়ে পেশাদার ফুটবলে অভিষেকের সময়ই তিনি লিগা এমএক্সের ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েন। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে মাত্র ১৬ বছর বয়সে মেক্সিকো জাতীয় দলে অভিষেক করে দেশের ইতিহাসের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে জাতীয় দলে নাম লেখানোর রেকর্ডও নিজের করে নেন।

বিশ্বকাপে মেক্সিকোর হয়ে কম বয়সে খেলার তালিকায় মোরার পর রয়েছেন ম্যানুয়েল রোসাস, আলফ্রেদো তোরেস, রাউল আরেয়ানো, আন্দ্রেস গুয়ার্দাদো ও হুগো সানচেজের মতো তারকারা। শুধু তাই নয়, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ১ হাজার ২৪৮ জন ফুটবলারের মধ্যেও সবচেয়ে কম বয়সী খেলোয়াড় গিলবার্তো মোরা।

গত দুই মৌসুমে তিহুয়ানার হয়ে ধারাবাহিক ভালো খেলে নজর কেড়েছেন এই তরুণ মিডফিল্ডার। ৫৩ ম্যাচে করেছেন ১০ গোল, সঙ্গে রয়েছে দুটি অ্যাসিস্ট। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েই বিশ্বকাপ দলে জায়গা দেন কোচ হাভিয়ের আগিরে। বয়স কম হলেও ইতোমধ্যে ইউরোপের কয়েকটি বড় ক্লাবের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি।

এখন তার সামনে রয়েছে আরও একটি বড় মাইলফলক। বিশ্বকাপের পরবর্তী কোনো ম্যাচে গোল করতে পারলে তিনি টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা হয়ে যাবেন। তবে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডটি এখনো ব্রাজিলের কিংবদন্তি পেলের দখলে। ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোল করে তিনি এই অনন্য কীর্তি গড়েছিলেন।

বিশ্বকাপে প্রথম সুযোগেই ইতিহাস গড়ে গিলবার্তো মোরা জানিয়ে দিয়েছেন, তিনি শুধু বর্তমানের আলোচিত কিশোর নন। মেক্সিকো ফুটবলের ভবিষ্যতেরও বড় এক ভরসার নাম। রেকর্ড ভাঙার এই যাত্রা কোথায় গিয়ে থামে, সেটিই এখন দেখার অপেক্ষা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >