নারায়ণগঞ্জ । সোমবার
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ বিশ্বকাপে তিন ম্যাচ জয়ের আশায়

টি-টোয়েন্টি বিশ্বকাপে গত ছয় আসরের নিয়মিত মুখ বাংলাদেশ। ছয় আসরের প্রতিটিতে অংশ নেওয়া লাল-সবুজ প্রতিনিধিরা বিশ্বকাপের ২৫ ম্যাচে জয় পেয়েছে মোটে তিন ম্যাচে। এবারের আসরে অন্তত তিন জয় পাওয়ার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সোম ও মঙ্গলবার দুই দফায় স্কটল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন তারা।

এর আগে আজ সংবাদ সম্মেলনে এসে জ্যোতি বলেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ে একটি ম্যাচ জিতেছিলাম আমরা। আরো ভালো কিছু ম্যাচ খেলেছিলাম, কিন্তু ম্যাচ জিততে পারিনি। এবার আরো বেশি সম্ভাবনা আছে জয়ের সংখ্যা বাড়িয়ে তোলার। কারণ, টি-টোয়েন্টিতে এখন অনেক পারফরমার যোগ হয়েছে, যেটা আগে ছিল না। আগে দু-একজন ক্রিকেটারের ওপরই নির্ভর করতে হতো, এখন কিছু ক্রিকেটার এগিয়ে আসছে। ক্রিকেটারদের ভেতর সেই ক্ষুধাটা আছে যে, বিশ্বকাপের মতো মঞ্চে আমরা শুধু ভালো খেলতেই নয়, ম্যাচ জিততেও চাই।’

তিনি আরো যোগ করেন, ‘দুই থেকে তিনটি ম্যাচ জয়ের ভাবনা আমাদের আছে। কিছু ক্রিকেটার এখন আছে, যারা অনেক বেশি ধারাবাহিক, বিশেষ করে টি-টোয়েন্টিতে অনেকে ভালো ক্রিকেট খেলছে ব্যক্তিগতভাবে। যদি সম্মিলিতভাবে ক্রিকেট খেলতে পারি, তাহলে গত অনেক বিশ্বকাপের চেয়ে ভালো ফল পাব।’

বিশ্বকাপে ভালো খেলে পুরো বিশ্বের নজর কাড়তে চান নিগার সুলতানা জ্যোতি। যেহেতু বিশ্বকাপে পুরো বিশ্বের নজর থাকে, তাই এখানে ভালো করার চিন্তা করছেন এই ক্রিকেটার।

তার কথায়, ‘আমরা যেমন দল, আমাদের এক্সপোজার অনেক কম থাকে। বিশ্বকাপের মতো মঞ্চ সবচেয়ে বড় স্পট লাইট বলা যেতে পারে, বিশ্বক্রিকেটের সবার নজর থাকে যেখানে। এসব জায়গায় যখন ভালো পারফর্ম করি, তখন দল নিয়ে অনেক আলোচনা হয়। ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে ভালো করলেও তাদের জন্য বিভিন্ন সুযোগ আসে।’

এছাড়া সংবাদ সম্মেলনে উঠে আসে নিগার সুলতানা জ্যোতির ইনজুরি প্রসঙ্গ। দল ঘোষণার দিনে প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানান, জ্যোতির খানিকটা ইনজুরি সমস্যা আছে। এমনকি ইনজুরি লুকিয়ে জ্যোতি মাঠে নামেনÑএমন অভিযোগও আছে।

এ নিয়ে জ্যোতি বলেন, ‘আমি জানি না জিনিসটা আসলে কেন বারবার আসছে। আমি একটা কথা বলি, ২০১৭ সাল থেকে আমার এখানে লিগামেন্ট নেই। এটা এজন্য বলছি, সাম্প্রতিক সময়ে জানি না এ জিনিসগুলো কেন আসছে।’

তিনি আরো বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারেরই কোনো না কোনো সমস্যা নিশ্চয়ই থাকে বা সেগুলো ম্যানেজ করে সবাই খেলে। এ একই জায়গাতে আছি আমি এবং বাকি প্লেয়াররা। কোনো না কোনো ইস্যু থাকেই, যেগুলো ম্যানেজ করে খেলা যায়, সেগুলো আমি খেলছি। সেটা কখনই আমার মনে হয় না যে আমার টিমে ইফেক্ট করেছে।’

বিশ্বকাপ সামনে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এর পাশাপাশি লম্বা সময় ধরে ক্যাম্প করেছে। ফলে প্রস্তুতি ভালো হয়েছে বলে বিশ্বাস করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

তার কথায়, ‘আমরা শেষ পর্যায়ে এখানে (মিরপুরে) প্রস্তুতি ক্যাম্প করেছি। এটা খুব কাজে দিয়েছে। আমাদের নিজেদের মধ্যে হওয়া ম্যাচে কিছু প্লেয়ার অনেক ভালো পারফর্ম করেছে এ তিন-চারটি ম্যাচে। আর দলের কথা যেটা বলছেন, দল তো আসলে টিম কম্বিনেশনটা কেমন হচ্ছেÑএর ওপর নির্ভর করে।’

বিশ্বকাপে দারুণ কিছু করার আশা নিয়ে যাওয়া বাংলাদেশ এবারের আসরে প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন, বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ১৭ জুন লিডসে খেলা হবে অস্ট্রেলিয়ার সঙ্গে, ২০ জুন ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে, একই মাঠে পরের ম্যাচ ভারতের বিপক্ষে, ২৮ জুন লর্ডসে লড়াই দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >