নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার

পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের সাবেক দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পৌরসভায় একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগ ছিল। এসব অভিযোগে তদন্ত চালাচ্ছিল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার (১১ মে) সকালে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। ম্যারাথন জেরার পর তাকে গ্রেপ্তার করে ইডি কর্মকর্তারা।

ইডি সূত্রে খবর, বয়ানে অসঙ্গতির কারণে সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রাতেই গ্রেপ্তার করা হয়ছে তাকে। সোমবার রাতেই শারীরিক পরীক্ষার পর মঙ্গলবার (১২ মে) তাকে তোলা হতে পারে ইডির স্পেশাল আদালতে।

সাবেক দমকলমন্ত্রী ও দক্ষিণ দমদম পৌরসভার সাবেক উপপৌর প্রধান সুজিত বসুর বিরুদ্ধে অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগ ছিল। সেই মামলার তদন্তের স্বার্থে গত ৬ এপ্রিল ভোটের মনোনয়নপত্র জমা দেয়ার দিন থেকে শুরু করে বিধানসভা ভোট পর্বের মধ্যে একাধিকবার ইডির তরফে হাজিরার নোটিশ পান সাবেক এই মন্ত্রী।

ভোট পর্ব শেষ হতেই কলকাতা হাইকোর্টের নির্দেশে গত ১ মে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির তদন্তকারীদের মুখোমুখি হন সুজিত বসু। সে সময় অবশ্য দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয় তাকে। তবে সোমবার (১১ মে) দ্বিতীয় দফায় ইডির দপ্তরে হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার হলেন তিনি।

সম্প্রতি বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধাননগর আসনে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হন সুজিত বসু। নির্বাচনে হারের পর সুজিত বোসের গ্রেপ্তারের ঘটনাকে মমতার জন্য অন্যতম বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

একই মামলায় অভিযুক্ত রয়েছেন রাজ্যের আরেক সাবেক মন্ত্রী রথীন ঘোষ। যদিও তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যাচ্ছেন।

এর আগে, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষা মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ পার্থ চট্টোপাধ্যায়সহ মমতার দলের অন্তত এক ডজন নেতা ও মন্ত্রীকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >