নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরেন্দ্র মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেঙ্গালুরু সফরকে ঘিরে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। বেঙ্গালুরুর উপকণ্ঠে একটি অনুষ্ঠানস্থলের কাছ থেকে অন্তত দুইটি জেলেটিন স্টিক বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। রোববার ১০ মে এ ঘটনায় ব্যাপক তদন্ত শুরু হয়েছে এবং একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নরেন্দ্র মোদির আগমনের আগে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় কাগালিপুরার কাছে একটি আশ্রম সংলগ্ন এলাকায় ফুটপাতের পাশ থেকে বিস্ফোরক সদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি প্রধান অনুষ্ঠানস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, রোববার সকালে প্রধানমন্ত্রীর আগমনের আগে তল্লাশির সময় ফুটপাতের পাশে দুইটি জেলেটিন স্টিক পাওয়া যায়। স্থানটি মূল অনুষ্ঠানস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে।

বিস্ফোরক উদ্ধার হওয়ার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা চালান।

ঘটনার পর পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে। কীভাবে জেলেটিন স্টিকগুলো সেখানে এলো এবং এর পেছনে কোনো বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বেঙ্গালুরুর উপকণ্ঠে অবস্থিত আর্ট অব লিভিং আন্তর্জাতিক কেন্দ্রে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >