একসময় শীতকালীন পরিযায়ী পাখির নিরাপদ আশ্রয়স্থল ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এর লেক। তবে অপরিকল্পিত নির্মাণকাজ ও দূষণসহ নানা কারণে ক্রমে ছোট হয়ে আসছে পাখির আবাসস্থল।এতে কমছে পরিযায়ী পাখির সংখ্যাও।
এক জরিপের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ক্যাম্পাসে পরিযায়ী পাখির সংখ্যা ছিল প্রায় সাড়ে তিন হাজার। ২০২২ সালে তা কমে দাঁড়ায় দুই হাজারে। ২০২৫ সালে সংখ্যাটি নেমে আসে দেড় হাজারের নিচে।ছয় বছরের ব্যবধানে পাখির সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে যাওয়ায় এখন অস্তিত্ব সংকটে প্রতিষ্ঠানটির পাখির অভয়ারণ্য।
গত বছর শিক্ষার্থী ও জীববৈচিত্র্য সংরক্ষণকর্মী অরিত্র সাত্তার ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ পরিচালিত যৌথ জরিপে এ চিত্র উঠে আসে।
সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশকর্মীদের মতে, লেকের পানিদূষণ, পলি জমে জলাশয়ের গভীরতা কমে যাওয়া, বাণিজ্যিক মাছ চাষ এবং বিভিন্ন নির্মাণকাজের কারণে পাখির আবাসস্থল ক্রমে ছোট হচ্ছে।
পাখির মৌসুমেও লেক অপ্রস্তুত
প্রতিবছর সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শীতকালীন পরিযায়ী পাখি আসা শুরু হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে ছোট-বড় মিলিয়ে ১২টি লেক রয়েছে। তবে গত কয়েক বছরে নিয়মিত পরিযায়ী পাখির উপস্থিতি দেখা গেছে মাত্র ছয়টি লেকে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারের ভেতরের লেক, সুইমিংপুলের পাশের লেক, রেজিস্ট্রার ভবনের পেছনের লেক এবং বোটানিক্যাল গার্ডেনসংলগ্ন লেক।
সাধারণত পাখির মৌসুম শুরু হওয়ার আগে লেক পরিষ্কার, দর্শনার্থীদের সচেতন করতে সতর্কতামূলক বিলবোর্ড স্থাপন এবং প্রয়োজনীয় স্থানে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে এবার অধিকাংশ লেকেই এসব প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বিশমাইল ও পরিবহন চত্বরের পাশের লেক পরিষ্কার করা হলেও সেখানে মানুষের অবাধ চলাচল রয়েছে। পুরনো রেজিস্ট্রার ভবনের সামনের লেকটি পলি জমে প্রায় ভরাট হয়ে গেছে। অবশিষ্ট অংশও আগাছায় ঢাকা। চলতি মৌসুমে সেখানে কোনো পরিযায়ী পাখির দেখা মেলেনি জানান কয়েকজন শিক্ষার্থী।
এদিকে, সুইমিংপুলের পাশের লেকের প্রায় পুরো অংশ কচুরিপানায় ঢেকে গেছে। ফলে খোলা পানির পরিমাণ প্রায় নেই বললেই চলে। বোটানিক্যাল গার্ডেনসংলগ্ন লেকের প্রায় তিন-চতুর্থাংশ কচুরিপানায় ঢাকা। বাকি অংশের খোলা পানিতে দেখা গেছে অল্প কিছু পাখি।
সরেজমিনে গিয়ে পাখির নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত কয়েকটি লেকে ভেলায় চড়ে গোপনে মাছ ধরতেও দেখা গেছে।
দূষণ ও বাণিজ্যিক মাছ চাষে বিপর্যস্ত জলজ পরিবেশ
শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের কয়েকটি লেকের পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আবাসিক হলগুলোর অপরিশোধিত পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে পড়ায় পানি নষ্ট হচ্ছে। এতে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে মাছ ও অন্যান্য জলজ জীবের বেঁচে থাকা কঠিন হয়ে উঠছে।
শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, ভারী বৃষ্টির সময় নির্মীয়মাণ এলাকা থেকে মাটি ও পলি ধুয়ে লেকের তলদেশে জমা হচ্ছে। এতে জলাশয়ের গভীরতা কমে যাচ্ছে। পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমা হওয়ায় শৈবাল ও জলজ উদ্ভিদেরঅস্বাভাবিক বিস্তার ঘটছে। এসব উদ্ভিদ পচে পানিতে অক্সিজেনের মাত্রা আরো কমিয়ে দিচ্ছে।
পরিবেশ বিবেচনায় গুরুত্বপূর্ণ লেকগুলো বাণিজ্যিক মাছ চাষের জন্য ইজারা দেওয়ার সমালোচনা করেন জীববৈচিত্র্য সংরক্ষণকর্মী অরিত্র সাত্তার। তার মতে, মনপুরা লেকে নৌযান চলাচল এবং মাছের খাবার ও রাসায়নিক ব্যবহারের ফলে পাখির স্বাভাবিক বিচরণ ও প্রজনন ব্যাহত হচ্ছে। এতে বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে ছোট ডুবুরি ও ছোট বাঁশপাতি হাঁস।
এ ছাড়া জলাশয়ে নিষিদ্ধ চীনা দুয়ারি জাল ব্যবহারের অভিযোগও রয়েছে। এ ধরনের জালে ছোট-বড় সব মাছ আটকা পড়ায় পুঁটি, গজার ও দেশীয় বাইমসহ বিভিন্ন প্রজাতির মাছের বংশবিস্তার হুমকিতে পড়ছে।
পাখির পাশাপাশি ঝুঁকিতে কচ্ছপ ও অন্যান্য জীব
ক্যাম্পাসের জলজ পরিবেশের অবনতিতে শুধু পরিযায়ী পাখিই নয়, দেশীয় কচ্ছপ, শামুক ও ঝিনুকসহ অন্যান্য জীবও প্রভাবিত হচ্ছে।

ক্যাম্পাসে ইন্ডিয়ান রুফড টার্টল ও ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টলের পাশাপাশি আক্রমণাত্মক প্রজাতির রেড-ইয়ার্ড স্লাইডারের সন্ধান পাওয়া গেছে। পরিবেশকর্মীদের আশঙ্কা, এ প্রজাতি খাবার ও আবাসস্থল নিয়ে দেশীয় কচ্ছপের সঙ্গে প্রতিযোগী হয়ে উঠতে পারে।
অন্যদিকে, নতুন কলা ভবনের পেছনের কৃত্রিম লেকসংলগ্ন গাছপালা ও বাঁশঝাড় পরিষ্কার করায় ওই এলাকার জীববৈচিত্র্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে মাছরাঙা পেঁচা ও বড় গন্ধগোকুলের আবাসস্থল সংকুচিত হওয়ার আশঙ্কা করছেন পরিবেশকর্মীরা।
পুনরুদ্ধারের চেষ্টায় কিছুটা প্রাণ ফিরছে লেকে
লেকের পরিবেশ পুনরুদ্ধারে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অরিত্র সাত্তার। তিনি বলেন, পানিতে অক্সিজেনের পরিমাণ বাড়ানো এবং জৈব বর্জ্যের পচনপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কয়েকটি লেকে অ্যারেশন পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া গত বছর শুরু হওয়া আবাসস্থল পুনরুদ্ধার পরিকল্পনার আওতায় কিছু লেকে শাপলা ও ভাসমান জলজ উদ্ভিদ লাগানো হয়েছে। এতে গত মাসেই (অক্টোবর) কয়েক শ পরিযায়ী পাখির উপস্থিতি দেখা যায়। এমনকি পরিবহন লেকেও পাখি ফিরতে শুরু করেছে।
তবে এসব উদ্যোগকে এখনই স্থায়ী সাফল্য হিসেবে দেখছেন না পরিবেশকর্মীরা। তাদের মতে, লেকের পানি দূষণমুক্ত করা, নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং মানুষের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করা না গেলে পাখিরা স্থায়ীভাবে অন্য এলাকায় চলে যেতে পারে।
লেক সংরক্ষণে সুপারিশ
বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান ক্যাম্পাসের লেক ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রথমেই আবাসিক হলগুলোর অপরিশোধিত পয়োবর্জ্য লেকে ফেলা বন্ধ করতে হবে। পাশাপাশি কচুরিপানার অনিয়ন্ত্রিত বিস্তার নিয়ন্ত্রণ, পলি জমে ভরাট হয়ে যাওয়া লেক খনন এবং পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ জলাশয়গুলোকে বাণিজ্যিক ইজারার বাইরে রাখতে হবে।
এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশ বিশেষজ্ঞদের সমন্বয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত একটি স্বতন্ত্র প্রকৃতি সংরক্ষণ বিভাগ গঠনের সুপারিশ করেছেন তিনি।
অধ্যাপক মোস্তাফিজুর রহমানের মতে, পুরাতন পরিবহন লেক, বিশমাইলের পেছনের লেক, জিমনেসিয়াম ও বোটানিক্যাল গার্ডেনসংলগ্ন এলাকা এবং চৌরঙ্গীর পাশের বড় পুকুরসহ গুরুত্বপূর্ণ জলাশয়গুলো বিশেষভাবে সংরক্ষণ করা প্রয়োজন।
সংরক্ষিত অভয়ারণ্য গড়ার পরিকল্পনা প্রশাসনের
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. সোহেল রানা বলেন, লেকের পাড় সংরক্ষণ, খনন এবং হাঁটাপথ নির্মাণের জন্য বিশেষ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর প্রস্তুতি চলছে।
কোষাধ্যক্ষ বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু সাধারণ পুকুর বাণিজ্যিকভাবে ইজারা দেওয়া হলেও পরিযায়ী পাখির জন্য গুরুত্বপূর্ণ লেকগুলো প্রশাসনের নিজস্ব নিয়ন্ত্রণে রেখে সংরক্ষিত অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।







