নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গার্মেন্টসের স্টোর রুমে এজিএমের মরদেহ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার ভেতর থেকে ইদ্রিস আলী (৪৫) নামে এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রহস্যজনক এ মৃত্যুকে ঘিরে কারখানাজুড়ে বিক্ষোভ শুরু করেন কয়েক হাজার শ্রমিক।

এ সময় তারা কাজ বন্ধ করে হত্যাকারীদের বিচারের দাবিতে নানা স্লোগান দিতে শুরু করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়।

মঙ্গলবার (১২ মে) সকালে ফতুল্লার ফারিহা নিট টেক্স কারখানার ভেতরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহত ইদ্রিস আলীর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায়। তিনি ওই কারখানায় স্টোরকিপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কারখানার শ্রমিকেরা জানান, সকালে কাজে এসে সহকর্মীরা সংশ্লিষ্ট কক্ষের দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে ইদ্রিস আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি দ্রুত কারখানাজুড়ে ছড়িয়ে পড়লে ক্ষোভ সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার ফল, তা নিয়ে রহস্য রয়েছে। তাদের আশঙ্কা, কারখানার অভ্যন্তরীণ কোনো চাপ, দ্বন্দ্ব কিংবা ষড়যন্ত্রের কারণেও এ ঘটনা ঘটতে পারে।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মাহবুব আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >