নারায়ণগঞ্জ । শনিবার
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির মনোনয়ন পায়নি আলোচিত সেই রিকশাচালক সুজন

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রাথমিকভাবে ১২৫টি আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ঢাকা-৮ (মতিঝিল-শাহজাহানপুর-রমনা) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও প্রথম ধাপের তালিকায় স্থান পাননি আলোচিত রিকশাচালক সুজন।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এনসিপি তাদের প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করে। এতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ও নতুন মুখের প্রাধান্য দেখা গেছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মো. সারজিস আলম (পঞ্চগড়-১), হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪), মো. নাহিদ ইসলাম (ঢাকা-১১), আখতার হোসেন (রংপুর-৪), ডা. তাসনিম জারা (ঢাকা-৯) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-১৮)।

ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে বেশিরভাগেই প্রার্থী ঘোষণা করেছে দলটি। তবে এখনও ফাঁকা রয়েছে ২, ৩, ৬, ৮, ১০ ও ১৪ নং আসন।

ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২০ নভেম্বর এনসিপি থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন রিকশাচালক সুজন। কিন্তু প্রথম ধাপের তালিকায় তার নাম নেই।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী জানান, প্রথম ধাপে ১২৫ জনের নাম ঘোষণা করা হলেও পরবর্তী তালিকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সংস্কারপন্থী নেতাদের সুযোগ দেওয়া হবে।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা সংখ্যালঘু এবং আহত ও শহীদ পরিবারের সদস্যদের অনুপাত অনুযায়ী প্রার্থী দেব। কোনো বিশেষ ব্যক্তির জন্য কোনো আসন ফাঁকা রাখা হয়নি। ৩০০ আসনের প্রার্থী ঘোষণা না হওয়া পর্যন্ত এই যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান থাকবে।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর মনোনয়ন নেয়ার পর সুজন বলেছিলেন, এতিমের টাকা মেরে যখন সংসদে দাঁড়ানো যায়, তখন আমি রিকশা চালক হয়ে কেন দাঁড়াতে পারব না? তবে তার সেই প্রত্যাশা প্রথম ধাপে অধরাই রইল।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >