সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে জড়ো হন। এরপর একে একে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমীর কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থীরাও সেখানে যোগ দেন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘অধ্যাদেশ নিয়ে তালবাহানা চলবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না’সহ নানা স্লোগান দেন।
অবস্থানের কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয়গামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা যাতে সচিবালয়ের দিকে অগ্রসর হতে না পারে, সে জন্য ঐ এলাকায় ব্যারিকেড স্থাপন করেছে পুলিশ।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকার সাত কলেজকে পৃথক করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দিলেও এখনো পর্যন্ত কোনো অধ্যাদেশ জারি করা হয়নি। তাদের দাবি, “আজই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অধ্যাদেশ জারি করতে হবে, অন্যথায় আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।”

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে একত্র করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।
এই সাত কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে পৃথক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।






