রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে অবৈধ কারখানা থেকে নকল সার ও কীটনাশক জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ডেমরার সানারপাড় এলাকার একটি কারখানায় ওই অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে নবম পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭১ মেকানাইজড ব্রিগেডের ইউনিট ১৫ ইবি’র (মেক) একটি বিশেষ আভিযানিক দল ডেমরার সানারপাড়ের মিডল্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ নামের একটি অবৈধ কারখানায় বিশেষ অভিযান চালায়। ওই অভিযানে কারখানাটিতে অবৈধ ও নকল বিভিন্ন সার ছাড়াও কীটনাশক ওষুধ পাওয়া যায়।
কারখানাটিতে বিদেশি কোম্পানির ঠিকানা ও নামে এসব নকল সার ও কীটনাশক ওষুধ মোড়কজাত করে বাজারজাতকরণ করা হতো বলে জানিয়েছে সেনাবাহিনী। সবমিলিয়ে কারখানাটি থেকে আনুমানিক ৮ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় কারখানার ম্যানেজার ও ২ কর্মচারীকে আটক করা হয়।
পরবর্তীতে জব্দ করা মালামালসহ আটকদের ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।







