নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ এর ২ এবং কুমিল্লার ১জন ছিনতাইকারী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই ও ডাকাতি দমনে র‍্যাব-১১ একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে এই চক্রের মূলহোতা সাইদুল বেপারী (২৭)।

শনিবার (২৫ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি সুইচগিয়ার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা হলো—
১। সাইদুল বেপারী (২৭), পিতা মো. শাহআলম, মাতা আসমা বেগম, সাং—ইস্পাহানী সোনাচারা, থানা—বন্দর, জেলা—নারায়ণগঞ্জ;২। মো. সৈকত হোসেন (২৮), পিতা হুমায়ুন কবির, মাতা শামিমা বেগম, সাং—গোদনাইল বার্মাস্ট্যান্ড, থানা—সিদ্ধিরগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জ;৩। মো. হৃদয় (২০), পিতা মৃত মাসুদ, মাতা রিনা বেগম, সাং—রহমতগঞ্জ শিববাড়ী, ডাকঘর—মোদাফ্ফরগঞ্জ, থানা—লাকসাম, জেলা—কুমিল্লা।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সাইদুল বেপারীর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও চিটাগাং রোড এলাকায় ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। বিশেষ করে গভীর রাত ও ভোরের দিকে সিএনজি, অটোরিকশা ও ট্রাকচালকদের লক্ষ্য করে তারা এই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত।

সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সক্রিয় ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে সংবাদ প্রকাশের পর র‍্যাব-১১ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। পরবর্তীতে র‍্যাবের একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত চালিয়ে চক্রটির অবস্থান ও কার্যক্রম শনাক্ত করে।

র‍্যাব-১১  জানায়, “অভিযানে আমরা সাইদুল বেপারীসহ তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়েছি। তারা দীর্ঘদিন ধরে মহাসড়কে ছিনতাই ও ডাকাতি করে আসছিল।” উক্ত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ডিএমপি, ঢাকার কদমতলী থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >