নারায়ণগঞ্জের রূপগঞ্জে নয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।গ্রেফতারকৃত শিক্ষকের নাম মৌলভী আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর (২২)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাছিমপুর গ্রামের আব্দুল হাদিসের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইসানুর ডহরগাঁও গ্রামের মোজাম্মেল হকের বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করতেন। সেখানে তিনি স্থানীয় শিশু-কিশোরদের আরবী পড়াতেন। গত সোমবার দুপুরে ভুক্তভোগী শিশুটি অন্য শিক্ষার্থীদের সাথে আরবী পড়তে যায়। পড়া চলাকালীন একপর্যায়ে ওজু শিখানোর কথা বলে শিশুটিকে বাথরুমে নিয়ে যান ওই শিক্ষক।সেখানে ভয়ভীতি প্রদর্শন করে শিশুটির ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে আটকে রাখে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়।এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
“ডহরগাঁও এলাকায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা রুজু করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে ইতিমধ্যে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।”








