নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী শুভকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার পূর্ব সেহাচর লালখা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফতুল্লা মডেল থানার একটি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, ছাত্রলীগ কর্মী শুভ লালখা এলাকার আওয়ামী লীগ ক্যাডার শরীফ মিয়ার ছেলে। প্রশাসনিক সূত্র জানিয়েছে, শরীফ ও তার পুত্র শান্ত উভয়ের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে শান্ত গ্রেফতার হলেও তার পিতা শরীফ এখনও গা ঢাকা দিয়ে আছে। তবে তাকে গ্রেফতারেও পুলিশি অভিযান চলমান রয়েছে বলে প্রশাসনিক সূত্রটি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গ্রেফতার হওয়া ছাত্রলীগ কর্মী শান্ত আওয়ামী লীগের শাসনামলে এলাকায় দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমে সাধারণ মানুষদের তটস্থ করে রাখতেন। এলাকায় রাজনীতির নামে কিশোরগ্যাং বাহিনী পরিচালনা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
শান্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানির ঘনিষ্ঠ কর্মী। এছাড়াও ফতুল্লার লালখা এলাকার সানি নামে আরেক ছাত্রলীগ কর্মীর অনুসারী হিসেবেও শান্ত পরিচিত।
সম্প্রতি ফতুল্লার ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড সহ আশপাশের এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলসহ নাশকতার গোপন পরিকল্পনা এবং প্রস্তুতি নিচ্ছিল এই শান্ত এবং তার অনুসারীরা। এমন তথ্যের ভিত্তিতে এবং পূর্বের বৈষম্যবিরোধী আইনের মামলা থাকায় শান্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে থানার একটি সূত্র।
তবে এই বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেছেন, তিনি অসুস্থ হওয়ায় থানার বাহিরে আছেন। তাই গ্রেফতারের বিষয়টি এখনো তিনি নিশ্চিত হননি। থানায় এলে অভিযান পরিচালনার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছ থেকে বিস্তারিত জানা যাবে বলে মন্তব্য করেন ওসি মাহাবুর আলম।





