নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নির্মানাধীন এশিয়ান হাইওয়ের সিংলাব-পাকুন্দা এলাকায় সড়কের আন্ডারপাসের পূর্ব পাশে প্রায় কোয়ার্টার কিলোমিটারজুড়ে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৬টার দিকে স্থানীয়রা সড়কের বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল দেখতে পান। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণ ও উন্নয়নকাজে যথাযথ মান বজায় রাখা হয়নি। নির্মাণকাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তারা।
সরেজমিনে দেখা যায়, সড়কের ওপর বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বিভাবে ফাটল সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের পিচ উঠে গিয়ে নিচের স্তর বেরিয়ে পড়েছে। এতে সড়কের ওই অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বৃষ্টির পানি ও যানবাহনের চাপের কারণে ফাটল আরও বড় হয়ে সড়কের অংশবিশেষ ধসে পড়তে পারে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ফাটলের প্রকৃত কারণ নির্ণয়, নির্মাণকাজের মান যাচাই এবং ঝুঁকিপূর্ণ অংশে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। একই সঙ্গে নির্মাণকাজে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।




