নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন দত্ত (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে সোনারগাঁ থানাধীন জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের হাবিবুর রহমান পিয়ার-এর বাড়ির সামনের গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মামুনুর রশিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্বপন দত্তের কাছ থেকে ১ হাজার ৭০০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত স্বপন দত্ত কুমিল্লা জেলার কোতোয়ালী থানার রানী দীঘির পাড় এলাকার মৃত রমনি দত্তের ছেলে। তার বর্তমান ঠিকানা কুমিল্লার কোতোয়ালী থানার রাজ মঙ্গলপুর এলাকায়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানার নথিপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে আরও দুটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।





