নারায়ণগঞ্জ ।
,

উল্টো রথ টানার মধ্য দিয়ে সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী রথযাত্রার সম্পন্ন

উল্টো রথ টানার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা সম্পন্ন হয়েছে। বর্ণাঢ্য এ আয়োজনে ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় বৈদ্যারবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া মন্দির প্রাঙ্গণ থেকে গঙ্গা গীতা যুব সংগঠনের উদ্যোগে উল্টো রথ টানার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে রথটি সোনারগাঁ পৌরসভার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দপুর মন্দিরে গিয়ে শেষ হয়।

উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে বিকেল থেকেই মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ভক্তদের ঢল নামে। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি ও ‘হরিবোল’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী হাজারো ভক্ত রথের দড়ি টেনে ধর্মীয় উৎসবে অংশ নেন। রথটি প্রদক্ষিণের সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে উৎসব উপভোগ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্টো রথযাত্রা শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় গঙ্গা গীতা যুব সংগঠনের সভাপতি সুভাষ বর্মন বলেন, “রথযাত্রা আমাদের ধর্মীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তবে এটি শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, বরং সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতীক। সোনারগাঁয়ে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে একে অপরের উৎসবে অংশ নিয়ে যে সম্প্রীতির দৃষ্টান্ত সৃষ্টি করেছেন, সেটিই আমাদের সবচেয়ে বড় শক্তি। আগামী দিনেও এই বন্ধন অটুট থাকবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ছিল প্রশংসনীয়। আগামী আট দিন পর উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের উৎসবের সমাপ্তি হবে।”

এ সময় উপস্থিত ছিলেন শান্ত বর্মন, বাংলাভিশনের সাংবাদিক অপু বর্মন, সুব্রত বর্মন, সাগর বর্মন, রনি বর্মন, দিগন্ত বর্মন, দীপ্ত দাসসহ গঙ্গা গীতা যুব সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

পুরো আয়োজনজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে রথযাত্রা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। আগামী আট দিন পর উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের এ বছরের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।ll

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >