নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে এসএসসি কেন্দ্রের সামনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন। তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও তোরণ স্থাপন করেন। 

তিনি চলে যাওয়ার পর ব্যানারে কার নাম ও ছবি থাকবে—এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এ নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন বাদল এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনার সময় পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, এমন পরিস্থিতি পরীক্ষার পরিবেশকে ব্যাহত করে।

পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকা শান্ত থাকলেও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, পরীক্ষা কেন্দ্রের আশপাশে রাজনৈতিক কার্যক্রম সীমিত রেখে শান্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >