নারায়ণগঞ্জ ।
,

প্রাইভেটকার চালকের মারধরে অটোরিক্সা চালকের মৃত্যু, আটক ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকার ও অটোরিক্সার সংঘর্ষকে কেন্দ্র করে মারধরের ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জপুর এলাকায় রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম পটুয়াখালী জেলার ঘেরাখালী গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকার ও একটি সিএনজি পাম্পে প্রবেশের সময় রফিকুলের অটোরিক্সার সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে প্রাইভেটকার চালক নাদিম রফিকুলকে মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নাদিমকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >