নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় মজুমদার টিম্বার অ্যান্ড স’মিলের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খান-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে জালাল উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জালাল উদ্দিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারচরা এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকদ্রব্যসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।



