নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে ডিবির খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খান-এর নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মিজমিজি কান্দাপাড়ায় মতিন নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ভাড়া করা কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় খাটের নিচ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— মোঃ জসীম উদ্দিন (৩৪), রূপগঞ্জ উপজেলার শহীদনগর এলাকার বাসিন্দা এবং লিটন (৪৫), শরীয়তপুর জেলার বেদেরগঞ্জ উপজেলার বাসিন্দা।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানো হচ্ছে।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলায় তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >