নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে এ গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুন ২০২৬ বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ডের হিরাঝিল এলাকার ৪নং গলির পাকা রাস্তার মাথার বাম পাশে অভিযান চালানো হয়। এ সময় পারভেজ (২৬) নামে এক ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পারভেজের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা পূর্ব সিকদারপাড়া এলাকায়। তার পিতা রফিকুল ইসলাম এবং মাতা আনোয়ারা বেগম।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত পারভেজের বিরুদ্ধে পূর্বে টেকনাফ থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >