নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১০০ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১০০ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুন দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার আদমজী বিহারী কলোনির ৩ নম্বর বালুর মাঠ তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে মাদক কারবারি মিজানুর রহমান মিজান (২৬)-কে গ্রেফতার করা হয়।

পরে রাত আনুমানিক ১টা ২০ মিনিটে পশ্চিম কলাবাগ সাইলো রোড এলাকায় আরমানের কবুতর পালনের ঘরে অভিযান চালিয়ে আরমান (৩০)বিল্লাল হোসেন (৩৫)-কে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এদিকে ১৫ জুন সকাল ৮টা ৪০ মিনিটে মিজমিজি পাগলাবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মো. আব্বাছ (৪২)মো. শাহ আলম (৪৪)-কে গ্রেফতার করা হয়। তাদের দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং জব্দ তালিকামূলে তা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ধৃত শাহ আলমের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চারটি মাদক মামলা, আরমানের বিরুদ্ধে তিনটি মাদক মামলা এবং বিল্লাল হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >