নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় অভিযুক্ত মোঃ জসিম গাজী (৪২)-কে গ্রেফতার করেছে।
রবিবার (৩১ মে ২০২৬) দুপুর ২টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ২নং ওয়ার্ডের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জসিম গাজী রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার বাসিন্দা। তিনি শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, রূপগঞ্জ উপজেলা আওয়ামী প্রজন্মলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শেখ রাসেল নগর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।








