নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধারাবাহিক বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ মে রাত ৮টা ২০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় পানির ট্যাংক সংলগ্ন পাকা রাস্তার ওপর, ৩ মে ভোর ৫টা ৫৫ মিনিটে ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া বিহারী কলোনীতে হারুন অর রশিদের বাড়ির সামনে এবং একই দিন সকাল ৯টা ২৫ মিনিটে ২নং ওয়ার্ডের মিজমিজি এলাকায় আব্দুল আলী পুলের ওপর পৃথক অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন
১. সাজ্জাদ আহাম্মেদ আলফি (২১), সাং: আমতলা জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ
২. নাদিম (২৯), সাং: সুমিলপাড়া বিহারী কলোনী, সিদ্ধিরগঞ্জ
৩. পাখির আলী (৪০), স্থায়ী: কুমিল্লা, বর্তমান: নিমাইকাশারী, সিদ্ধিরগঞ্জ
৪. আল মইন হাসান ওরফে মাহিন (২৫), সাং: মিজমিজি পশ্চিম, সিদ্ধিরগঞ্জ
তাদের দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
মাদক নির্মূলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।







