মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে শহরে র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১১টায় চাষাঢ়া হকার্স মার্কেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খাঁন।
তিনি বলেন, ১৮৮৬ সালে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে জীবন উৎসর্গ করেছিল। কিন্তু আজও লক্ষ লক্ষ মানুষ কর্মহীন ও বঞ্চিত। শ্রমজীবী মানুষকে আল্লাহর বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে এবং কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, “আমরা এ দেশ রিলিফ চোরদের হাতে ছেড়ে দিতে পারি না। রাসূল (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে।”
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ।
তিনি বলেন, শ্রমিকদের শ্রমেই দেশের উন্নয়ন হয়, অথচ তাদের ন্যায্য অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে পারলেই মে দিবসের প্রকৃত লক্ষ্য বাস্তবায়ন হবে।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধের নির্দেশ ইসলামে রয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জে হকারদের পুনর্বাসন ও শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আব্দুল মোমিন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সংগঠন বদ্ধপরিকর, দাবি না মানলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক নুরুল আমিন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, উপদেষ্টা সাইফুদ্দিন মনির, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ।



