নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও মজুদের দায়ে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় র্যাব-১১ এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভোজ্যতেল জব্দ করার পাশাপাশি প্রতিষ্ঠান দুটির মালিককে আর্থিক দণ্ড প্রদান করা হয়।
র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রূপগঞ্জের তারাব এলাকায় কতিপয় অসাধু চক্র দীর্ঘ দিন ধরে সরকারি অনুমোদনহীনভাবে ভোজ্যতেল উৎপাদন এবং বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের লেভেল ব্যবহার করে তা বাজারজাত করে আসছিল। এই সংবাদের ভিত্তিতে র্যাব ও উপজেলা প্রশাসন তারাব এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে ‘সিমু কনজুমার প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে অবৈধ তেল উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানের মালিক জহিরুল ইসলাম সৈকতকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকার ‘মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ’ নামের অপর একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মালিক আঃ বাতেন দেওয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব আরও জানায়, অভিযানের সময় প্রতিষ্ঠান দুটি থেকে প্রায় ২০ হাজার লিটার অবৈধ ভোজ্যতেল জব্দ করা হয়, যা বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় বিক্রির জন্য মজুদ করা ছিল। এ সকল তেল অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের নামে প্যাকেটজাত করা হচ্ছিল বলে র্যাবের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে।
র্যাব-১১-এর কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ এবং ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে তাদের এই কঠোর অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। জব্দকৃত মালামাল ধ্বংসসহ দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।







