রূপগঞ্জের জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১১ নম্বর সেক্টর সংলগ্ন একটি ঝোপ থেকে রাবেয়া খাতুন (৪০) নামের এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাবেয়া খাতুন ভোলা সদর উপজেলার বাসিন্দা ও সামসুউদ্দিনের স্ত্রী। তিনি জলসিঁড়ি আবাসন এলাকার একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। তবে তিনি ঠিক কার বাসায় কর্মরত ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ কিংবা তার পরিবার।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ঝোপের ভেতর থেকে তার বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় নিহতের মুখে কাপড় গোঁজা অবস্থায় পাওয়া যায়। সুরতহাল ও আলামত পর্যালোচনার ভিত্তিতে পুলিশের প্রাথমিক ধারণা, তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, “বিবস্ত্র অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।” এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।



