নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে মো. মাছুম মিঞা নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার বাম চোখের ওপরের অংশে গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তাকে রক্ষা করতে এগিয়ে এসে তার বড় ভাই মাসুদ মিঞাও হামলার শিকার হয়েছেন। এ সময় মাসুদ মিঞার পকেট থেকে ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার মঠের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাছুম মিঞা দৈনিক যুগযুগান্তর ও অনলাইন সংবাদমাধ্যম ‘এমএইচ নিউজ-২৪’-এর রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত।
এ ঘটনায় মাছুম মিঞা রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জাঙ্গীর এলাকার শাহিদুল ইসলাম সাহেদ (৩০), মো. জাহিদুল (৪০), মো. আবু সাঈদ (৩৫) এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ১৩ আগস্ট অভিযুক্তদের বিষয়ে অনলাইনে একটি সংবাদ প্রকাশের পর থেকেই মাছুম মিঞাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে মঠের ঘাট এলাকায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র, ধারালো ছেনদা, চাপাতি ও লোহার রড নিয়ে তার গতিরোধ করেন।
একপর্যায়ে অভিযুক্তদের একজন চাপাতি দিয়ে মাছুম মিঞার বাম চোখের ওপরের অংশে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে রক্ষা করতে তার বড় ভাই মাসুদ মিঞা এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে তার পকেট থেকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত সাংবাদিক ও তার ভাই চিকিৎসা নেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
রূপগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, সাংবাদিকের লিখিত অভিযোগটি তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




