নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পারাগাঁও ঈদগাহ মাঠে সাধারণ মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সর্দার শাখাওয়াত হোসেন বকুল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম এমপি, দীপু ভূঁইয়া এমপি, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, নরসিংদী ও সংরক্ষিত মহিলা আসনসহ সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ, নাউক চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জের সিভিল সার্জন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএফপিও), চিকিৎসক ডা. মুজিবুর রহমান, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সাহেব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহাবুব রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখা এবং আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, নারায়ণগঞ্জ জেলা।
ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন রোগের পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং বিশেষ করে অসচ্ছল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এতে অনেক মানুষ সহজেই প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ পাওয়ার সুযোগ পেয়েছেন।




