নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবি করা চাঁদা না পেয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেলার অভিযোগ উঠেছে আয়নাল হক নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গেলে হামলায় ব্যবসায়ী নয়ন মোল্লা, তার স্ত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (১২ জুলাই) সকালে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতা আয়নাল হক তারাব পৌর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি।
ভুক্তভোগী ব্যবসায়ী নয়ন মোল্লার অভিযোগ, যুবদল নেতা আয়নাল হক বেশ কিছুদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় রোববার ভোরে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেলে রাখা হয়।
তিনি বলেন, ‘খবর পেয়ে আমি, আমার স্ত্রী ও স্বজনরা বালু ফেলতে বাধা দেওয়ার চেষ্টা করলে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমি, আমার স্ত্রী পারভিন সুলতানা, মোমেন, সুমন, রোকন, হাসান, জাকারিয়াসহ অন্তত ১০ জন আহত হই। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।’
আহত স্ত্রী পারভিন সুলতানা বলেন, ‘দীর্ঘদিন যাবত যুবদল নেতা আয়নাল আমার স্বামীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে দোকানে সামনে বালু ফেলে রাখেন। এতে বাধা দিলে আমার ওপর হামলা চালায়। এ হামলার বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা আয়নাল হক অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ২০১৮ সালে ওই ব্যবসায়ী আমাদের কাছ থেকে একটি জমি বায়না করেন। আট বছর পার হলেও তিনি জমিটি বুঝে না নিয়ে বিভিন্ন অজুহাত দিচ্ছেন। আমি আমার নিজের জমিতে বালু ফেলেছি। আমি কোনো চাঁদাবাজি বা হামলার সঙ্গে জড়িত নই। বিষয়টির সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
এ ব্যাপার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন মুঠোফোনে বলেন, ‘এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’







