নারায়ণগঞ্জ । বুধবার
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফাইটার মনির’ গ্রেপ্তার
ফতুল্লার গলাচিপায় মাদক কারবারির আস্তানায় পুলিশের হানা

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী ও ছিনতাইকারী মো. মনির হোসেন ওরফে ফাইটার মনির (৪০)–কে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ। দীর্ঘদিন ধরে ফতুল্লা, মাসদাইর, চানমারি, শিবু মার্কেট ও ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে ছিনতাই ও ডাকাতি করে আসা একটি চক্রের অন্যতম মূলহোতা ছিল এই ফাইটার মনির।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত মনিরের বিরুদ্ধে আগে থেকেই থানায় একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দেওয়া তথ্যের ভিত্তিতে আজ দুপুর ১টা ৩০ মিনিটে শহরের গলাচিপা এলাকার চেয়ারম্যান বাড়ির রোডে চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহিদের বাড়িতে অভিযান চালানো হয়।

এসআই শামীম, এসআই রফিক, এসআই মিলন ফকির, এসআই মনির ও শহিদুলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে জাহিদের বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং চুরি–ছিনতাই ও ডাকাতির বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে আগেই কৌশলে পালিয়ে যায় জাহিদ। ফলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান মিয়া সময় নারায়ণগঞ্জকে জানান, গ্রেপ্তার মনির ও পলাতক জাহিদের বিরুদ্ধে সাব-ইনেসপেক্টর সামসুকে জখম করার অভিযোগসহ মাদক ও ছিনতাইয়ের মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই অভিযান পরিচালনা করে মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। জাহিদ পালিয়ে যাওয়ায় তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে তাকে ধরতে আমাদের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে ফাইটার মনির গ্রেপ্তারের খবরে ফতুল্লা ও আশপাশের এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয়দের দাবি, দ্রুত পলাতক জাহিদসহ পুরো চক্রকে আইনের আওতায় এনে এলাকায় অপরাধ নির্মূল করা হোক।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >