নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ফতুল্লা মডেল থানা পুলিশ। বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে জেলার শীর্ষস্থানীয় পরিবহন সন্ত্রাসী হাজী রিপনসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৪ ঘণ্টাব্যাপী ফতুল্লার বিভিন্ন এলাকায় চালানো এই অভিযানে গ্রেপ্তার হন হাজী রিপন (৫৫), তার ছেলে রাফি (৩৫) এবং কোতালের বাগ এলাকার যুবলীগ কর্মী আরিফ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে ধারাবাহিক অভিযানে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধেই ফতুল্লা মডেল থানায় সুনির্দিষ্ট ফৌজদারি মামলা রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসী কার্যকলাপ সম্পূর্ণরূপে দমন করতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
ওসি আরো জানান, ফতুল্লাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজী রিপন দীর্ঘদিন ধরে পরিবহন খাতে প্রভাব বিস্তার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সাধারণ মানুষ।




